ইউরোপে অ্যামাজনকে রেকর্ড জরিমানা

৩১ জুলাই, ২০২১ ২৩:৪৫  
গোপনীয়তা এবং ভুল তথ্য ছড়ানো ঠেকাতে ব্যর্থতা নিয়ে একের পর এক কেলেঙ্কারি। সেইসঙ্গে বাজারে প্রভাবশালী অবস্থান অপব্যবহারের অভিযোগ তো আছেই। এই দুই অভিযোগে বিশ্বব্যাপী নিয়ন্ত্রক সংস্থাগুলোর তীক্ষ্ণ নজরদারী ও কঠোর আচরণের মুখে রয়েছে প্রযুক্তি জায়ান্টরা। অ্যালফাবেট মালিকানাধীন গুগলের পাশাপাশি ইউরোপে কঠোর নজরদারীতে রয়েছে ফেসবুক, অ্যাপল এবং মাইক্রোসফট। এমন পরিস্থিতিতে ইউরোপের জিডিপিআর আইন লঙ্ঘন করে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করার কারণে অ্যামাজনকে রেকর্ড ৮৮ কোটি ৬৬ লাখ ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে গত ডিসেম্বরে ডেটার গোপনীয়তা নিয়ম লঙ্ঘন করায় অনলাইন বিজ্ঞাপন ট্র্যাকারে গুগলকে ১১ কোটি ৮৮ লাখ ডলার জরিমানা করেছিল ফ্রান্সের নজরদারী সংস্থা । সেটিই ছিল সাম্প্রতিক এই জরিমানার আগে এই খাতে সর্বোচ্চ অর্থদণ্ডের ঘটনা। অবশ্য এই রেকর্ড জরিমানার বিরুদ্ধে আপিল করবে অ্যামাজন। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, তারা মনে করে লুক্সেমবার্গ ন্যাশনাল কমিশন ফর ডেটা প্রোটেকশন (সিএনপিডি) গত ১৬ জুলাই যে সিদ্ধান্ত দিয়েছে তা “ভিত্তিহীন”। শুক্রবার নথিতে প্রকাশিত ওই সিদ্ধান্তটি বিষয়ে গণমাধ্যমকে অবশ্য তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হয়নি সিএনপিডি।